আদিবাসী দিবসে মৌলভীবাজারের খাসিয়া জনগোষ্ঠীর দাবি ভূমির ওপর অধিকার প্রতিষ্ঠা—পাশাপাশি সাংবিধানিক স্বীকৃতির দাবিও তাদের।
এদিকে, মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাঙামাটিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবসে পার্বত্য জেলা রাঙামাটির ক্ষুদ্র -নৃগোষ্ঠীর পক্ষে আদিবাসী হিসেবে আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন রাঙামাটি আদিবাসী ফোরামের সদস্য সচিব ইন্টু তালুকদার ও সংসদ সদস্য উষাতন তালুকদার।
পাহাড়িদের দাবি, শান্তিচুক্তির পাশাপাশি পার্বত্য সমাস্যার সমাধান।
মৌলভীবাজার জেলার ৬টি উপজেলায় ছোট-বড় ৬৫টি পানপুঞ্জি রয়েছে। এ সব পানপুঞ্জিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ২০ হাজার খাসিয়া ও গারোর বসবাস। তাদের বাইরে চাকমা, মারমা, ত্রিপুরা ও মনিপুরিরা রয়েছে। বনই তাদের জীবন-জীবিকার প্রধান উৎস।
সাংবিধানিক স্বীকৃতি না থাকায় ভূমির মালিকানা নেই তাদের। আর এ কারণে প্রতিনিয়ত ভূমি দখল, বসত ভিটা থেকে উচ্ছেদ, হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। দুর্গম পাহাড়ি এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার আলো থেকেও বঞ্চিত এ জনগোষ্ঠী শিশুরা।
নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন খাসিয়ারা নেতারা।