রাজধানীসহ খুলনা ও ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শুক্রবার বনদস্যু বাহিনীর প্রধানসহ ৩ জন নিহত হয়েছে।
ভোরে রাজধানীর কদমতলী থানা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলো। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ভোরে খুলনার কয়রা উপজেলায় আটক বনদস্যু আনারুল বাহিনীর প্রধান আনারুলকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। এসময় ঘটনাস্থলে ওঁত পেতে ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে আনারুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ বলেও জানান তিনি।
এছাড়া শুক্রবার রাত ৩টার দিকে ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।