সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের তাড়া খেয়ে বাংলাদেশি ভাটা শ্রমিক মারা গেছেন।
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কালিন্দি নদী থেকে আবু মুসা মণ্ডল (৫০) নামে এক বাংলাদেশি ভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আবু মুসা জেলার কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের আবু সাইদ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, এক মাস আগে প্রতিবেশি কার্তিক মণ্ডলের সঙ্গে ভারতের শিলাইদাহ এলাকার একটি ইটের ভাটায় কাজ করতে যান আবু মুসা মণ্ডল ও তার ভাই শফি মণ্ডল।
বুধবার রাতে দিকে তারা তিন জন একসঙ্গে ভারতের চাড়াল খালী এলাকা দিয়ে কালিন্দি নদী সাঁতরে বাংলাদেশের দুরমুজখালী সীমান্তে ওঠার চেষ্টা করে। হঠাৎ বিএসএফের স্প্রিড বোট তাদের ধাওয়া করলে আবু মুসা মণ্ডল পানিতে তলিয়ে যায়। তবে, শফি মণ্ডল ও কার্তিক মণ্ডল দুরমুজখালী সীমান্তে পৌঁছুতে সক্ষম হন। সেই থেকেই ভাইয়ের সন্ধানে বাংলাদেশের পাড়ে অপক্ষো করতে থাকে শফি মণ্ডল। এক পর্যায়ে শুক্রবার রাতে কালিন্দি নদীতে মুসার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দুরমুজখালী বিওপির বিজিবি সদস্যরা মুসা মরদেহ উদ্ধার করেছে।
বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন জানান, রাতেই আইনগত প্রক্রিয়া শেষে মুসার মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।