আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা জামালপুরের সরিষাবাড়ী থেকে উদ্ধার হওয়া বুনো হাতিটি বাঁধন ছিড়ে আবার জলাশয়ে নেমে পড়েছে। জ্ঞান ফেরার পর অশান্ত হয়ে আশপাশের এলাকায় আবারো তাণ্ডব চালিয়েছে বুনো হাতিটি। হাতিটিকে শান্ত করার চেষ্টা করছেন বন বিভাগের কর্মকর্তারা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে বুনো হাতিটির পায়ের শিকল ছিঁড়ে যায়। ছাড়া পেয়ে ওই এলাকার বাসিন্দাদের বাড়ির আশপাশের এলাকায় কিছুটা তান্ডব চালায় হাতিটি।
এরপর সে জলাশয়ে নেমে যায়। খাবার দেখিয়ে প্রাণীটিকে ডাঙায় তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মীরা। হাতিটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা চেষ্টা করছেন জলাশয় থেকে তুলে হাতিটিকে আবার শৃঙ্খলিত করতে।
বন বিভাগের প্রধান বনরক্ষক অসিত রঞ্জন পাল কিভাবে হাতিটিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নেয়া যায়, সে বিষয়ে বন কর্মীদের সঙ্গে পরামর্শ করেন।
তিনি জানিয়েছেন, হাতিটি যেখানে রয়েছে সেখান থেকে এক কিলোমিটার কর্দমাক্ত থাকায় মূল সড়কে প্রাণীটিকে নেওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ট্রাংকুলাইজার প্রয়োগ করে অচেতন করা হয় হাতিটিকে। পরে ৫ টনের বেশি ওজনের ঐরাবতটিকে কয়েক'শ জনতা জলাশয় থেকে ডাঙায় টেনে তোলেন। মাস দেড়েক আগে ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে এসে নিঃসঙ্গ হাতিটি নানা জেলা ঘুরে আশ্রয় নেয় জামালপুরের জলাশয়ে।