জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর নামক স্থানে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পরিতোষ ওরফে পরি নামে স্থানীয় একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উপজেলার রুকিন্দিপুর ঈদগাহ মাঠের কাছে ভোরে মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
এ সময় মাদক ব্যবসায়ী পরিতোষ গুলিবিদ্ধ হলে অন্য ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে ৫০ পিস ইয়াবা, হাঁসুয়া, চাকু ইত্যাদি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ পরিতোষকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক সংক্রান্ত ৬টি মামলা রয়েছে।