আশুলিয়ার ছয়তলা এলাকার ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার কারখানায় মঙ্গলবার মুঠোফোন নিয়ে প্রবেশের ঘটনায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রতিদিনের মতো মুঠোফোন নিয়ে কারখানার ভেতর প্রবেশ করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে মুঠোফোন জমা নেয়ার চেষ্টা করে। সে সময় আকাশ নামে কারখানা শ্রমিক মুঠোফোন জমা নেয়ার প্রতিবাদ করলে তাকে মারধর করে কারখানার ষ্টাফরা।
এ সময় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে প্রতিবাদ করতে চাইলে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে মারধর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছে শ্রমিকরা।
পরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।