পারিবারিক বিরোধের জের ধরে হবিগঞ্জের মাধবপুরে মা মেয়েসহ তিন জনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
এ ঘটনায় বুধবার তাহির উদ্দিনকে বাড়ির লোকজন পুলিশে সোপর্দ করেছে।
তাহের মিয়ার বোনজামাই মোহন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ গ্রামের বামিন্দা তাহির উদ্দিন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দিয়েছে।
তাহিরের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, বীর সিংহপাড়ার তাহির উদ্দিন দীর্ঘদিন কুয়েত ও গ্রীসে অবস্থান করে উপার্জিত টাকা তার ভাবী জাহানারা বেগমের কাছে পাঠাতো। সময় সময় ভাবী জাহানারা ওই টাকার কিছু অংশ তাহিরের কথামতো খরচ করেন। একপর্যায়ে তাহির দেশে এসে ভাবীর কাছে টাকা চাইলে তাকে টাকা দিতে টালবাহানা করে। এ নিয়ে ভাবীর সঙ্গে তার ঝগড়া চলছিল।
এ অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ভাবী জাহানারাকে কুপাতে থাকে তাহির— এ সময় তার চিৎকারে মেয়ে শারমীন, ছেলে সুজাত মিয়া ও প্রতিবেশী শিমুল মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় তাহির। ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম।
গুরুতর আহত অবস্থায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সুজাত, শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. বলরাম পোদ্দার শারমীন ও শিমুল মিয়াকে মৃত ঘোষণা করেন। শিশু সুজাত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।