অনেক দিন নিষ্ক্রিয় থাকার পর নীলফামারীতে আবারো সংগঠিত হতে শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা। সম্প্রতি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা সৈয়দপুরে বিকাশকর্মী ও জলঢাকায় মাধব মাস্টার হত্যার সঙ্গে জড়িত। এমনকি সৈয়দপুরে তাজিয়া মিছিল, শিয়া মসজিদ ও পুলিশের ওপর হামলা পরিকল্পনার কথা স্বীকার করেছে জবানবন্দিতে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সবশেষ ২০০৮ সালে নীলফামারীতে জেএমবির ১৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও একজনকে মামলা থেকে অব্যাহতি ও ৫ জনকে খালাস দেয় আদালত। এরপর দীর্ঘ সময় অনেকটাই নিষ্ক্রিয় ছিল জেএমবির জঙ্গিরা।
তবে গত দুই মাসে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ সক্রিয় সদস্য গ্রেপ্তার হওয়ায় আবার আলোচনায় এসেছে জেএমবির তৎপরতার বিষয়টি বলে জানিয়েছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা বিকাশকর্মী হাবিবুর রহমান ও জল ঢাকার গোলমুন্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যাসহ আরো জঙ্গি কর্মকান্ডের ব্যাপারে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
এদিকে, জঙ্গিবাদ নির্মূলে সবাইকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন নীলফামারীর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহীম মঞ্জিল।