ফরিদপুরে উগ্রপন্থী সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: ভাঙ্গার লক্ষ্মীপুর গ্রামের নাহিদ মোল্লা ওরফে নাদিম (২০), সদরপুরের দক্ষিণ আলমনগর গ্রামের ফরিদ মৃধা (৩২), সদরপুরের মুকুটেরচর এলাকার মো. সহিদুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের মহসীন মোল্লা (৩৫)।
শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সুপার জামিল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুরে বড় ধরনের নাশকতা ঘটানোর কাজে লিপ্ত ছিলেন ওই ব্যক্তিরা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয় নাহিদ মোল্লা ওরফে নাদিমকে। নাহিদ গত ১৩ এপ্রিল ময়মনসিংহ কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
জিজ্ঞাসাবাদে তিনি (নাহিদ) নিজেকে আনসার উল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে জানান। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ফরিদ মৃধা, সহিদুল ইসলাম ও মো. মহসীন মোল্লাকে সদরপুর ও চরভদ্রাসনে অভিযান চালিয়ে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।
আর বলা হয়, ফরিদ মৃধা আনসার উল্লাহ বাংলা টিমের ফরিদপুর অঞ্চলের দলনেতা। তিনি সদস্যদের অস্ত্র চালনা, শারীরিক ও ধর্মীয় বিষয়ে প্রশিক্ষণ দেন।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গায় আসামিদের বাড়ি ও দোকান তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৫টি গুলি, ১২টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম এবং বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চরভদ্রাসন ও সদরপুর থানায় অস্ত্র আইনে ২টি এবং সদরপুর ও ভাঙ্গায় বিস্ফোরক আইনে ২টিসহ মোট ৪টি মামলা করা হয়েছে।