সারাদেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট।
বিক্রেতারা জানিয়েছেন, গতবারের চেয়ে এবার গরুর দাম কিছুটা কম হবে— তবে, ক্রেতারা বলছেন বাজার চড়া।
এদিকে, জালটাকা চিহ্নিত করতে দেশের অধিকাংশ হাটে বসানো হয়েছে মেশিন পাশাপাশি রয়েছে পুলিশি নিরাপত্তা জানান নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
ক্রেতা-বিক্রেতার আনাগোনায় সরগরম নড়াইলের কোরবানির পশুহাট। হাটে ঘুরে পশুর দাম-দর যাচাই করছেন ক্রেতারা। আর ভাল মানের পশুর দামও বেশি হাঁকছেন বিক্রেতারা গরুর পাশাপাশি মহিষ ও ছাগলও রয়েছে।
হাতে আরো কিছুটা সময় থাকায় দেখেশুনেই গরু-খাসি কিনতে চান ক্রেতারা। ঈদের আগের দুদিন বেচাকেনা ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
চাঁদাবাজি বন্ধে ও জালটাকা রুখতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে জানান পুলিশ সুপার।
এদিকে, নোয়াখালীতে এবার ছোটবড় মিলিয়ে হাট বসেছে ৫০টি জায়গায়। তবে, পর্যাপ্ত গরু-ছাগল আসলেও এখনো পুরোপুরি জমে ওঠেনি জেলার পশু হাট।
ঈদের আরও কয়েকদিন বাকি থাকায় দেখেশুনেই পছন্দের পশু কিনতে চান ক্রেতারা। তবে দাম একটু বেশি বলে অভিযোগ তাদের।
বড় হাটগুলোতে বাহারি সাজে গরু-ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। দুয়েকদিনের মধ্যে হাট জমে উঠবে বলে বিক্রেতারা আশা করছেন।