বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না- গৃহহারা থাকবে না— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার কুড়িগ্রামের চিলমারী থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে দরিদ্র পরিবারের জন্য ‘খাদ্য বান্ধব কর্মসূচি’ এর আওতায় ১০ কেজি দরে চাল বিক্রির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এ অঞ্চলে আর কোনোদিন মঙ্গা হবে না— মানুষ না খেয়ে মরবে না। তারা যেন স্বাস্থ্য সম্মত জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গা শব্দটা যেন কুড়িগ্রাম বা রংপুরবাসীকে আর না শুনতে হয় সে ব্যবস্থা করা হয়েছে।
এ সময় জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্তানের বিষয়ে খবর রাখুন— সন্তান স্কুল ও কলেজে যাচ্ছে কি-না? তার খোঁজ খবর নিন।
প্রধানমন্ত্রী আরো বলেন, পাড়া প্রতিবেশী সকলকে খবর রাখতে হবে— আপনাদের সন্তানরা কী করছে। কেউ যেন ভুল পথে না যায় সে জন্য প্রতিবেশী- নির্বাচিত প্রতিনিধি- প্রশাসন সবার এলাকার তরুণদের খোঁজ রাখতে হবে। জঙ্গিবাদ মোকাবেলায় জনমত সৃষ্টি করতে হবে।
আর বেকার সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে— উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তরুণদের কাজের সুযোগ করে দিচ্ছে যাতে তারা দেশের জন্য- মানুষের জন্য- নিজের জন্য কাজ করে।
পরে গরীবদের মধ্যে ১০ টাকায় চাল বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।
চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আর আগামী বছরের মার্চ ও এপ্রিলে এ কর্মসূচির আওতায় চাল পাবে হতদরিদ্ররা।
কুড়িগ্রামের ১ লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় চাল পাবে।