কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কামার পল্লীর কারিগররা। সারা বছর কাজের তেমন চাপ না থাকলেও পশু জবাই ও মাংস বানানোর জন্য দা, বটি, ছুড়ি তৈরি করছেন তারা। অতিরিক্ত কাজের চাপে অনেকেই নতুন কাজ আর হাতে নিচ্ছেন না।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে দিন-রাত ব্যস্ত ঝিনাইদহের কামার পল্লীর কারিগররা। হাঁপর টেনে কয়লার আগুনে লোহা পুড়িয়ে তাতে হাতুড়ী পিটিয়ে দিচ্ছেন দা বা চাপাতির আকৃতি।
নতুন দা-বটি তৈরি করছেন কেউ। অনেকেই ব্যস্ত পুরোনো ছুরি-চাপাতি মেরামতে। সারা বছর কাজ না থাকলেও কোরবানির আগে তাই কাজ করে ক্ষতি পুষিয়ে নিচ্ছেন তারা।
তবে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কামার শিল্পীরা বিপাকে পড়েছেন। তাই বাধ্য হয়ে এবছর একটু বেশি দামেই এসব কাটারি বিক্রি করতে হচ্ছে তাদের।
ঝিনাইদহের ছয়টি উপজেলার ৬৭টি ইউনিয়নে প্রায় ৫০০ কামার পরিবার রয়েছে।