রাজশাহীর বহরমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস বাড়িতে ঢুকে গেলে ঘুমন্ত দম্পতি নিহত হয়েছেন।
নিহতরা হলেন: বাশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)।
বুধবার রাত পৌনে দুইটার দিকে নগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাসটি মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে বহরমপুরের রেলক্রসিং এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে থাকা বস্তির একটি বাড়ির ভেতরে ঢুকে যায়।
এ সময় বাস চাপায় ঘরে ঘুমিয়ে থাকা এক দম্পতির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন ১০ জন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদহে উদ্ধার করে। আহতদের মধ্যে ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পরই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।