ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টার পদ থেকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সায়েদুল হককে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে মন্ত্রীকে দল থেকে বহিস্কার ও মন্ত্রিসভা থেকে অপসারণেরও দাবি জানানো হয়েছে।
সভায় নেতারা অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তকে অমান্য করে জেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করে এককভাবে প্রার্থী মনোনয়ন দেন মন্ত্রী সায়েদুল হক।
পরে বিভিন্ন ইউনিয়নে দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পরাজিত করার চেষ্টা, কর্মী সমর্থকদের গ্রেপ্তার করানো ও পুলিশ দিয়ে হয়রানির চেষ্টাও করেন মন্ত্রী।
এসব ঘটনায় সায়েদুল হককে শোকজ করে নোটিশ দেয়া হলেও এর কোনো উত্তর মন্ত্রী দেননি বলে অভিযোগ করেছে জেলা আওয়ামী লীগ।