বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বৃহস্পতিবার যুবলীগের সঙ্গে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে একজন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন ৭ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুরে রিক্সা ভাড়াকে কেন্দ্র করে কলেজের পুরাতন ভবনে বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে নিহত হন ছাত্রলীগ কর্মী সবুজ। আহত হন কমপক্ষ ৬ জন।
পরে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা নতুন ভবনের সামনে স্টেশন রোড অবরোধ করে। সেখানে প্রায় অর্ধশত যানবাহন ভাঙচুর করে তারা।
এদিকে, ছাত্র নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আহত হন স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ।
এ সময় নতুন ভবনের সামনে পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।