মুন্সীগঞ্জের মুক্তারপুরে সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে তলিয়ে যাওয়া প্রাইভেট কারটিকে ৬০ ফুট পানির নিচে শনিবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা দলের সদস্যরা শনাক্ত করেছেন।
সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির বলেন, গাড়ির ভেতরে ‘চালকের মরদেহ দেখা গেছে তবে পানির নিচে গাড়ি থেকে তা বের করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুস আলী বলেন, শনিবার সকাল ১০টার দিকে পানির নিচে গাড়িটি শনাক্ত করার পর রশি বেঁধেছেন ডুবুরিরা আর সেটি টেনে তোলার জন্য রেকার আনা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী ওই প্রাইভেট কারের চালক শুক্রবার গভীর রাতে মুক্তারপুর সেতুর টোল প্লাজা পার হয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতুর পশ্চিম দিকের রেলিং ভেঙে নদীতে তলিয়ে যায়।
এদিকে, টোল প্লাজার সিসি ক্যামারার ফুটেজ পরীক্ষা করে মালিক ও চালকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়িরর ইনচার্য মো. মোশারফ হোসেন জানান, ওই গাড়ির মালিক নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার ব্যবসায়ী হাজী আব্দুর রউফ।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাতেই অভিযানে নামে। রাত ২টার দিকে ৬০ ফুট পানির নিচ থেকে গাড়ির বাম্পার পাওয়ার কথা জানান ডুবুরি হুমায়ুন কবির। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার করা স্থগিত করা হয় পরের সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করতে শুরু করেন।