গাজীপুরের কালিয়াকৈরে রোববার যমুনা গ্রুপের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ভোর সোয়া ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ওই কারখানার ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর, জয়দেবপুর, ধামরাই ও সাভারের ইপিজেড ফায়ারস্টেশনের ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি।
তিনি বলেন, কারখানার রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা উইভিং ও ফিনিশিং সেকশনসহ তুলার গুদামে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রিসাইক্লিং প্ল্যান্টের দীর্ঘ টিনশেড কাঠামো ধসে পড়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি সকাল ১০টার পর আগুনের ছড়িয়ে পড়া ঠেকানো গেলেও পুরাপুরি নিয়ন্ত্রণে সময় লেগেছে।
জানা গেছে, ২০০২ সালে প্রতিষ্ঠিত যমুনা স্পিনিং মিলস লিমিটেডে প্রতিদিন ২৪ হাজার কেজি সুতা উৎপাদন করে আর এ কারখানার মোট কর্মীর সংখ্যা ১২০০ জন।
কারখানার ডিজিএম মো. আলমগীর হোসেন বলেন, একজন কর্মকর্তাসহ আনুমানিক ১৩ জন রাতের পালায় সেখানে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন।