বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ও টাঙ্গাইলে মালবাহী ট্রাক উল্টে এবং সুনামগঞ্জে জাতুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে বুধবার ১২ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ নারীর মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ২৫ থেকে-৩০ জন।
মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আক্তার বলেন, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুরে রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে নাবিল পরিবহনের একটি বাস ও রংপুরমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয়, যাদের সবাই নারী।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরতলির রফাতুল্লাহ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, টাঙ্গাইলে মালবাহী একটি ট্রাক উল্টে চার জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচর এলাকায় সিমেন্টবাহী ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। জোকারচর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
সুনামগঞ্জের জাতুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।