রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভবন ধসের ঘটনায় বুধবার আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে সাজিদুল (১০) নামে এক শিশুর মরদেহ বের করার পর সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার কাজ।
নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাইয়ান আল বেরুনী বলেন, এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজারের সরকারি মহিলা কলেজের কাছে কাপ্তাই হ্রদঘেঁষে গড়ে ওঠা টিটু ঠিকাদারের তিন তলা পাকা ভবন হঠাৎ ধসে পড়ে।
নৌবাহিনী কর্মকর্তা রাইয়ান বলেন, বুধবার সকাল ৭টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরুর পর সকাল ৮টায় শিশু সাজিদুলের মরদেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।
ধসে পড়া ভবনে আর কারও আটকে থাকার সম্ভাবনা নেই বলে নিশ্চিত হওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাসদস্য, পুলিশ ও স্থানীয়রা দুই শিশুসহ চার জনের মেহদেহ উদ্ধার করে।
তারা হলেন জাহিদ হোসেন (২৮), পিংকি (১৩), হাবিবা (২২) ও সামাদুল (৭)।
এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় শোপা বেগম নামে একজনকে। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ভবনে চারটি পরিবার বাস করত বলে স্থানীয়রা জানিয়েছে।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছেন।
পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাড়ির মালিক টিটু ঠিকাদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।