কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জন মারা গেছেন।
জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার রাত ৮টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাঁশিরভিটা গ্রামের আজিজার রহমান পাশের আলতাব হোসেনের বাড়ি থেকে বিদ্যুতের পার্শ্ব সংযোগ চালাচ্ছিল। সংযোগের তার ছিঁড়ে রাত ৮টার দিকে আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৬) সংযোগ তার লাগাতে গিয়ে আটকে যায়। স্ত্রী মমতাজ বেগম তাকে বাঁচাতে গিয়ে নিজেও আটকে গেলে সাইফুরের মা ছবিরন বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও ছেলে বউকে জরিয়ে ধরলে তিনি আটকে যান।
তিনি আরো বলেন, অবস্থা দেখে আজিজার রহমান দৌঁড়ে আলতাব মিয়ার বাড়িতে গিয়ে মেইন সুইচ বন্ধ করতে বলেন। এদিকে তার আগেই ঘটনাস্থলে মারা যায় মা, ছেলে ও ছেলের স্ত্রী। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।