সিলেটের খাদিজার পর এবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়িতে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
গতকাল বিকেলে হামলা পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে আসামিদের অজ্ঞাত রেখে একটি মামলা করেছেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা চোরমর্দন গ্রামের দশম শ্রেণীর স্কুলছাত্রী তাহমিনা মঙ্গলবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফিরে। এসময় মুখোশ পড়া ২/৩ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার ওপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করে। তাহমিনার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাহমিনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় বুধবার সকালে মেয়েটির বাবা মোহাম্মদ তফিজউদ্দিন হাওলাদার বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাহমিনার ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে, চলতি মাসের ৩ তারিখে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারকে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এখনো রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খাদিজা।