নারায়ণগঞ্জের ৭ খুনের দুটি মামলায় নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আনা আনীত অভিযোগ পড়ে শুনিয়েছে আদালত।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের পক্ষে পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন আসামিদের অভিযোগ পড়ে শোনান।
এ সময় আসামীরা তাদেরকে নির্দোষ দাবি করলেও কোনো সাফাই সাক্ষী দিবেন না বলে আদালতকে জানিয়েছেন। পরে আগামী ৩১ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য্য করে আদালত।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
পাবিলক প্রসিকিউর এডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, ফৌজদারী কার্য বিধির ৩৪২ ধারায় আদালত আসামিদের আনিত অভিযোগ পড়ে শোনা হয়েছে। আসামিরা নিজেদের নিদোর্ষ দাবি করলেও কোনো সাফাই সাক্ষী দিবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবি চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।