ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, শহরের ভুটিয়ারগাতি নামক স্থানে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ভোর পৌনে ৪টার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি দ্রুতগতিতে শহরের বাইপাস সড়ক ধরে টার্মিনালের দিকে যাচ্ছিল।
এ সময় পুলিশের একটি টহলদল তাদের থামার সংকেত দেয়। তবে তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশের আরেকটি দল তাদের থামানোর চেষ্টা করলে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মোটরসাইকেলে থাকা ২ জন আরোহী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ২টি গুলি, ৫টি বোমা, একটি ধারালো অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ সুপার।
মোটরসাইকেল আরোহীরা নাশকতা চালানোর জন্য কোথাও যাচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।