বাগেরহাটের কচুয়ায় একটি আস্তানায় অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৪ জন সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে জেএমবি সদস্যদের ছোড়া হাতবোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আটককৃতরা হলেন: আকাশ (১৯), হাবিবুল্লাহ (১৯), কবীরুল (২৬) ও মিজানুর রহমান (২৮)। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে। আহত পুলিশ সদস্যরা হলেন- আজিজ, মতিন ও আজাদ।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, খলিসাখালি গ্রামের সাফায়েত শেখের বাগানবাড়িতে একটি আস্তানায় বেশ কয়েকজন জেএমবি সদস্য নাশকতার জন্য গোপন বৈঠক করছিল।
এমন খবরের ভিত্তিতে রাত সোয়া ২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ দেখামাত্র জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হামবোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ৭/৮ রাউন্ড গুলি ছোড়ে।
একপর্যায়ে জেএমবির কয়েকজন সদস্য পালাতে সক্ষম হলেও ৪ জন পুলিশের হাতে ধরা পড়ে। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, ২টি গুলি ও ৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
পঙ্কজ চন্দ্র রায় আরো বলেন, জেএমবি সদস্যদের ছোড়া বোমায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আটকদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটকদের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ ছিল কি-না?— তা এখনো জানা যায়নি।