ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের নমশুদ্রপাড়ায় এ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্দির ও বাড়িঘরে হামলার ৫ দিনের মাথায় আবারো হামলার শিকার হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সনাতন ধর্মাবলম্বীরা। দিবাগত রাতে কয়েকটি বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি বিষয়কে কেন্দ্র করে রোববার একই এলাকায় সনাতন ধর্মালম্বীদের ১৫টি মন্দির ও ৬০ থেকে ৭০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যেও আবারো হামলার শিকার হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।