ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর দুই দফা হামলা ও লুটপাটের পর রোববার আবারো হিন্দু জেলেপল্লীর এক বাড়িতে আগুন দেয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে।
অজ্ঞাতনামা শতাধিকজনকে আসামি করে নাসিরনগর থানায় ছোট্ট লাল দাস বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে, নাসিরনগরসহ সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ চলছেই। অবিলম্বে হামলাকারীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।এর পরপরই দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে, দেশজুড়ে যার ব্যাপক সামলোচনা হয়।
এ ঘটনার জেরে পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।
ওই ঘটনার পাঁচ দিন পর গত ৪ নভেম্বর ভোররাতে নাসিরনগর সদরের কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কয়েকটি বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরসহ একটি পূজার ঘর পুড়ে যায়।