গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার মামলায় আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার তরফকামাল গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সারোয়ার হোসেন ও আকবর আলী নামে দুই জনকে গ্রেপ্তার করে। সকালে তাদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ ক্ষেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে অগ্নিকান্ডের এ ঘটনায় ৮ একর জমির আখ ক্ষতিগ্রস্থ হয়েছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়।
এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ওই সংঘর্ষের ঘটনায় তিন সাঁওতাল নিহত হন।
ঘটনার ১১ দিন পর গত বুধবার রাতে সাঁওতালদের মামলা নেয় পুলিশ। এতে অজ্ঞাত প্রায় ৬০০ জনকে আসামি করা হয়।