গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলা ও নির্যাতনের শিকার সাঁওতালদের নিয়ে মঙ্গলবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মাদারপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, সাঁওতালদের হত্যা, হামলা ও উচ্ছেদের ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকাল সাড়ে ১০টার দিকে হামলা ও নির্যাতনের শিকার সাঁওতালদের নিয়ে মাদারপুর গীর্জার পাশে কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিকের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেয় গণশুনানিতে।
গণশুনানিতে এ সময় ক্ষতিগ্রস্তরা তাদের ওপর বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেছেন।
এদিকে, সোমবার রাতে হত্যা, হামলা ও উচ্ছেদ ঘটনায় জড়িত সন্দেহে সাঁওতালদের করা মামলায় আরো একজনকে আটক করেছে পুলিশ। মাদারপুর সাপমারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।
এছাড়া গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে সাঁওতালদের রোপন করা ধান প্রশাসনের উদ্যোগে আজ-মঙ্গলবার থেকে কাটার কথা থাকলেও সাঁওতালদের অপারগতায় তা স্থগিত রয়েছে।
তবে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে ধান কাটতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে। গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে স্থানীয় সাঁওতালদের সংঘর্ষ হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ৩ সাঁওতাল কৃষক। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ২০ জন আহত হন। ঘটনার ১১ দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ। স্বপন মুরমুরের দায়ের করা এ মামলায় প্রায় ৬০০ অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।