নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে মিয়ানমারের রোহিঙ্গারা এখনো বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনুপ্রবেশের সময় কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১৯ জন রোহিঙ্গা ও টেকনাফে নাফ নদী থেকে রোহিঙ্গাবাহী ১১টি নৌকা ফেরৎ পাঠিয়েছে বিজিবি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গারা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েই যাচ্ছে। এর ধারাবাহিকতায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা।
এ সময় তাদের ১৯ জনকে মিয়ানমারে ফেরৎ পাঠিয়ে দেয় বিজিবি। এদের মধ্যে ৯জন শিশু ও পাঁচ জন নারী রয়েছে।
টেকনাফে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী ১১টি নৌকা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ফেরত পাঠিয়ে দেয়া হয়।
প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের নজরদারি জোরদার করা হয়েছে।