নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাসায় যান।
সেখানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাখাওয়াত হোসেন নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়নে আইভির পাশে থাকার আশ্বাস দেন। সেলিনা হায়াৎ আইভিও, সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার কথা জানান।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে নগরীর খানপুর কাজিপাড়া এলাকায় সাখাওয়াতের বাসায় যান আইভী। এ সময় আইভীর সঙ্গে তার ছোট ভাই রিপন ছিল।
ও্ইসময় সাখাওয়াত হোসেন খানের বাসায় ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও আবু আল ইউসুফ খান।
এ সময় আইভীকে মিষ্টি মুখ করান সাখাওয়াত হোসেন স্ত্রী অ্যাডভোকেট শামিমা হোসেন। দুই নেতা নারায়ণগঞ্জের উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার কথা বলেছেন।
সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান সেলিনা হায়াৎকে। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় স্বাগত জানান তাকে।
এ সময় সেখানে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজনই।
সাখাওয়াত হোসেন বলেন, সব দলকে সঙ্গে নিয়ে জনগণের জন্য কাজ করলে ও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অনঢ় থাকলে আইভিকে সহায়তা করতে প্রস্তুত তিনি।
নবনির্বাচিত মেয়র আইভি বলেন, সাখাওয়াত হোসেনের নির্বাচনী ইশতেহারে থাকা জনকল্যাণমূলক বিষয়গুলোর ক্ষেত্রে ইতিবাচক মনোভাব থাকবে তার।
সাখাওয়াত হোসেনের সহযোগিতা নিয়ে মাদক ও সন্তাসমুক্ত নারায়ণগঞ্জ গঠন এবং নগরীর উন্নয়নে কাজ করার কথাও বলেন তিনি।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন। আইভী ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট পান। অপরদিকে সাখাওয়াত ৯৬ হাজার ৪৪ ভোট পান।