নাটোরের সিংড়ায় বাস খাদে পড়ে বাসমালিকের স্ত্রী-শিশু সন্তানসহ চার জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, রোববার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়া ব্রিজ এলাকায় বাসটি ঘন কুয়াশার মধ্য দিয়ে বগুড়া থেকে নাটোর যাচ্ছিল, চলনবিলের ভেতর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- বাস মালিকের স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে শাকিব (৭) ও মেয়ে ঐশি (৫) এবং বাস চালকের সহকারী। তাদের বাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায়।
ওসি বলেন, আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার থানায় নিয়ে এসেছে, ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।