ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারার মামলায় গ্রেপ্তার হওয়া রসরাজ দাসের (২৭) জামিন শুনানি ফের পিছিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত পরবর্তী শুনানির তারিখ ১৬ জানুয়ারি ধার্য্য করেন। রসরাজ দাসের পক্ষের আইনজীবী মো. নাসির মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নাসির মিয়া বলেন, আজ (মঙ্গলবার) জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য্য ছিল— আদালত তার বিষয়ে সবকিছু শুনেন এবং পরবর্তী শুনানির দিন চলতি মাসের ১৬ জানুয়ারি ধার্য্য করেন। ধার্য্য দিনে আসামির উপস্থিতিতে জামিনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এ আইনজীবী।
গত বছরের ৮ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। সে সময় রসরাজের জামিন আবেদন না-মঞ্জুর করে আদালত। এরপর ২ ডিসেম্বর তার জামিনের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে প্রথম শুনানি হয়েছিল।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে গত বছরের ২৮ অক্টোবর রসরাজ দাসের আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরীফ নিয়ে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়। পরে এলাকাবাসী ওই ছবি ফেইসবুকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে।
পরদিন ২৯ অক্টোবর ওই ঘটনায় নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩০ অক্টোবর রসরাজকে আদালতে পাঠায় পুলিশ।
একই দিন এ ঘটনায় দুটি ইসলামি সংগঠন অায়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে নাসিরনগর উপজেলা সদরের ৮টি হিন্দুপাড়ার বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে।