চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন।
নিহত ডাকাতরা হলেন: হাবু সরদার (৩০) ও মজিবুব রহমান (৪৮)।
পুলিশের দাবি, উপজেলার গজরা ইউনিয়নের টুবগী গ্রামে গতকাল দিবাগত রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এ দুজন নিহত হন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, গতরাতে মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের তাড়া করতে যায়। এ সময় ডাকাতরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ পাল্টা গুলি করে। এ সময় দুজন নিহত হন।
ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো রামদা, কিরিচ ও গুলির খোসা উদ্ধার করেছে।
ডাকাতদের বিরুদ্ধে কিছুদিন আগে মতলব উত্তরের পাঠান বাজার এলাকায় স্বর্ণের দোকান লুটের অভিযোগ রয়েছে। এ ছাড়া দুজনের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে বলে জানায় পুলিশ।