গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া-রাজাবাড়ী সড়কে বৃহস্পতিবার ট্রাক খাদে পড়ে ৪ জন মারা গেছেন।
নিহতরা হলেন: ট্রাকের চালক গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯) এবং ট্রাকের শ্রমিক রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), একই এলাকার অলিন রায়ের ছেলে দিলিপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে শ্রী কাজল রায় (২৪)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চালক এবং ৪ শ্রমিক ইট নিয়ে গতরাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ফেরার পথে ভোররাত সাড়ে ৩টার দিকে বাঘিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ওই ৩ শ্রমিক নিহত এবং গুরুতর আহত হন ট্রাকচালক।
পরে আহত ট্রাকচালক সোহেলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুসুরিয়ায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
এছাড়াও ভৈরবে একজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।