টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, জেলা কমিটির সভায় ওই চারজনের সদস্যর পদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
মুক্তিযোদ্ধো হত্যাকারীরা কখনোই আওয়ামী লীগে থাকতে পারে না— এজন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাংসদ রানার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকনও ওই হত্যাা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
উল্লেখ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুককে। হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই বছর ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল-৩ আসানের সাংসদ রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।