এসএসসির- মাধ্যমিকে ঢাকা বোর্ডের গণিত বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ায় এখনই পরীক্ষা বাতিল করা হচ্ছে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে আরো যাচাই-বাছাই শেষে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, ৬ জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রশ্ন ফাঁস কোথায় হয়েছে, কীভাবে হয়েছে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের ফলে পরীক্ষায় কী প্রভাব পড়েছে, কতটুকু পড়েছে, আংশিক না সার্বিক তা বুঝেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের মূল উৎস ছিল বিজিপ্রেস— একসময় বিজিপ্রেসের একটি সিন্ডিকেট প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিল।সে সিন্ডিকেট ভেঙ্গে নতুন সেট সিস্টেম চালু করে নিরাপদে জেলায় জেলায় প্রশ্ন পৌঁছে দেয়া হচ্ছে।
বর্তমানে কিছু শিক্ষক এমন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের সবচেয়ে আস্থার জায়গা হচ্ছে শিক্ষকরা এদের মধ্যেও কিছু দুর্নীতিবাজ ঢুকে গেছে। এদের হাত ধরেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে।