মামলা প্রত্যাহার ও মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বন্ধের দাবিতে শুক্রবার দ্বিতীয় দিনের মতো মহাসড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পটুয়াখালী, বরিশাল ও বরগুনাসহ দক্ষিনাঞ্চলে যাত্রীবাহি বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন সাধানরণ মানুষ। দুর্ভোগে পড়েছেন লঞ্চের যাত্রী ও পর্যটকরা।
এদিকে, যাত্রীদের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি বরগুনার আমতলীতে বাস শ্রমিক ও থ্রি হুইলার চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিকদের নামে মামলা হলে ১৭ জন শ্রমিককে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ। পরে শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় এসব জেলার বাস-মালিক-শ্রমিকদের সংগঠন।