মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে খুলনা বিভাগের ১০টি জেলায় শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
রোববার এ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সকাল ৬টা থেকে বিভাগের সব রুটে এ ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। ধর্মঘটের ফলে দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে। এতে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে, যশোরের ৭টি পয়েন্টে অবস্থান নিয়ে ভোর থেকেই ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। এতে, করে যশোর থেকে ১৮টি রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী না জেনে বাস টার্মিনালে আসলেও গাড়ি না থাকায় তারা ফেরত যেতে বাধ্য হয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
কুষ্টিয়া, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহেও পরিবহন ধর্মঘট পালন করছেন সেখানের শ্রমিকরা।
এছাড়া, অনির্দিষ্টকালের এ ধর্মঘটে সংহতি জানিয়ে গোপালগঞ্জ, ফরিদপুর ও রজাবাড়ীসহ আরও ৬টি জেলায়ও পরিবহন ধর্মঘট পালন করছেন সেখানকার শ্রমিক নেতারা।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।