ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের বদরপুর সীমান্তের খানবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় একজন আনসার সদস্য নিহত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের মধ্যে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এদিকে, সকালে নিখোঁজ থাকা সুমন আহত অবস্থায় ফিরে আসেন তবে প্রশাসন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় ১৪ জন আনসার ও পুলিশসহ তিনি অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করে। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে।
বর্তমানে তিনি ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।