কুষ্টিয়া ও জামালপুরে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যূ ও আহত হয়েছেন কমক্ষে ৪৮ জন।
পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে দুজনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন।
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে চৌড়হাস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, বাসটি কুড়িগ্রাম থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। সাতমাইল এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের খাদে পড়ে যায়।
তিনি বলেন, বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল— চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে।
এদিকে, জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় সকাল ৮টার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মাইক্রোবাস রাস্তার পাশে দাঁড়ানো দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান। বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়, এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসচাপায় নিহত দুজনের নাম জহুরুল ইসলাম ও মোস্তফা। আহত ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মোহাব্বত কবির দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।