চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে শিল্প কারখানা তৈরি করে দেশকে আর্থিকভাবে এগিয়ে নিতে পরবর্তী প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
শনিবার সকালে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
এছাড়া গ্রাম অঞ্চলে শাখা বিস্তারের জন্য সকল বাণিজ্যিক ব্যাংকে উৎসাহিত করা হচ্ছে বলেও এসময় জানান ফজলে কবির।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোদ্দার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্সে উদ্বোধন করেন গভর্নর। অনুষ্ঠান শেষে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।