চট্টগ্রামে জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহজনক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেবে আইন-শৃঙ্খলা বাহিনী—এরসঙ্গে সম্পৃক্ত করা হবে জনপ্রতিনিধিদেরও।
নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলামের মতে, এ তল্লাশির পরিধি আরো বাড়ানো উচিৎ।
চট্টগ্রাম রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক মো, শফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ড শহরের আকবর শাহ এলাকাসহ সম্প্রতি বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এসব এলাকায় এখনো জঙ্গিরা আত্মগোপনে থাকতে পারেন।
তাই সীতাকুণ্ড ও আশপাশের এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সম্পর্কে খোঁজ-খবর নেয়া হবে। পাশাপাশি সন্দেহজনক এলাকায় চালানো হবে তল্লাসী বলে জানান তিনি।
বিস্ফোরকের সহজপ্রাপ্তি ও পাহাড়-জঙ্গলের কারণে বৃহত্তর চট্টগ্রাম জুড়ে জঙ্গিদের বিস্তার থাকতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম।
তাদের সমূলে বিনাশ করতে সব এলাকাতেই এমন খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তল্লাসী জোরদার করা উচিৎ বলে মত দেন তারা।