ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দি এলাকায় বৃহস্পতিবার পিকআপ ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহত ২ জনই পিকআপ ভ্যানের চালক ও হেলপার।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ বলেন, ভোর ৫টার দিকে হাইওয়ে সড়কের কুছন্দি এলাকায় মাগুরা থেকে-ফরিদপুরমুখী একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের হেলপার মারা যায়।
পরে মুমূর্ষা অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে ভর্তির কিছু সময় পর পিকআপ চালক আবু হানিফ (৩০) এর মৃত্যু হয়। নিহত আবু হানিফ নারায়ণগঞ্জের মধ্য সস্তাপুর গ্রামের লাল মিয়ার ছেলে। পকেটে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে তার পরিচয় জানা গেলেও নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনা কবলিত ট্রাক-পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।