ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে শুক্রবার নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোররাতে ঢাকা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই একটি ট্রাক। ট্রাকে সিমেন্টের বস্তার ওপর প্রায় ১৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এটি ময়মনসিংহের মেহেরবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ৩ শিশু, তিন নারীসহ ৯ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪ জন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্য থেকে আরও একজন মারা যায়।
জানা গেছে, নিহতদের মধ্যে ৫ জনই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাটনী ইউনিয়নের দাদরা গ্রামে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফোরলেনের কাজ চলার কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গা রয়েছে। এ কারণে ট্রাকটি উল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।