সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশন ‘টোয়াইলাইট’ চলছে। অভিযানে এ পর্যন্ত ভবনটিতে আটকেপড়া ২৮টি পরিবারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাঁচতলা এই ভবনের ২৯টি ইউনিটে ২৯ টি পরিবারের বসবাস ছিল বলে জানা গেছে। আস্তানায় শীর্ষ এক জঙ্গি নেতা ও তার সহযোগীরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে থেমে থেমে বৃষ্টির মধ্যেই সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় "আতিয়া মহল" এ জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বিচ্ছিন্ন করে রাখা হয় এলাকার বিদ্যুৎ, গ্যাস ও ক্যাবল নেটওয়ার্ক সংযোগ।
সেনাবাহিনীর প্যারাকমান্ডো ইউনিটের নেতৃত্বে সকাল পৌনে ৯টার দিকে শুরু হয় অপারেশন ‘টোয়াইলাইট’। ঘটনাস্থলে আরো রয়েছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফায়ার সার্ভিস।
বেলা ১২টার দিকে ওই ভবনে আটকেপড়া ২৮টি পরিবারকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয় সেনাবাহিনীর প্যারাকমান্ডো ইউনিট। জঙ্গিদের অবস্থান নেওয়া বাড়িটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো ইউনিট।
ঢাকা ও চট্টগ্রামে গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ ও র্যা ব। জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হলে তারা বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে।
শুক্রবার দিনভর থেমে থেমে ফাঁকা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বাড়িওয়ালা পুলিশকে জানিয়েছেন, গত জানুয়ারিতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়িটির নীচতলা ভাড়া নেয় সন্দেহভাজন জঙ্গিরা।