সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানায় ‘অপারেশন টোয়াইলাইট’ এখনো চলছে। ভবন ঘিরে এখনো রয়েছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো ইউনিট ও সাজোয়া বহর, রয়েছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফায়ার সার্ভিস।
সেনাবাহিনীর প্যারাকমান্ডোর নেতৃত্বে এ যৌথ অভিযান শনিবার সকাল ৯টায় শুরুর তিন ঘণ্টার মধ্যেই ওই ভবনে আটকেপড়া ৭৮ জনকে নিরাপদে বের করে আনা হয়। পরে সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কয়েকজন জঙ্গি ওই ভবনে বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। দুপুরের পর থেকে থেমে থেমে মুহুর্মুহু গুলি আর বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এরইমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অদূরে চেকপোস্টের সামনে পৃথক দুটি বোমা হামলায় পুলিশ সদস্যসহ ছয় জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বোমা উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে র্যা ব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে শিববাড়ি এলাকা পর্যন্ত জনসাধারণ ও যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই জঙ্গি আস্তানা থেকে এক কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ সড়কের পাঠানপাড়া এলাকায় একটি চেকপোস্টে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এর মধ্যে একজন হচ্ছেন পুলিশ পরিদর্শক আবু কায়সার। অন্যজন মদনমোহন কলেজের ছাত্রলীগ নেতা নাজমুল আলম অপু। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন ১৫ জন।
এর পর পরই ঘটনাস্থল থেকে কিছু দূরে আরো একটি বোমা বিষ্ফোরিত হয়। এতে একজন নিহত হন। তার পরিচয় জানা যায়নি।এ ঘটনায় আহত হন আরো ২৫ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন।
পুলিশ জানিয়েছে, অভিযান দেখতে ফেঞ্চুগঞ্জ সড়কের পাঠানপাড়া রাস্তার আশপাশে উৎসুক জনতার ভীড় করে। সেখানেই মোটরসাইকেলে করে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বোমা উদ্ধার করা হয়েছে। এরপর তল্লাশী চালানোর সময় কিছু দূরে বিষ্ফোরিত হয় দ্বিতীয় বোমাটি।
এদিকে, এ ঘটনায় আহত র্যা ব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।