কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকার গন্ধমতী বড় কবরস্থানের পাশে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ। ওই আস্তানায় একজন আত্মঘাতী জঙ্গি রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে এক জঙ্গিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই জঙ্গির কাছে সুইসাইডাল ভেস্ট এবং বোমা-গ্রেনেড থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট বৃহস্পতিবার নেয়া হবে— উল্লেখ করে গতকাল (বুধবার) প্রধান নির্বাচন কমিশার কেএম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ শেষে পুলিশ অভিযান পরিচালনা করবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতেই কুমিল্লার বাড়িটির সন্ধান পায় আইন-শৃঙ্খলা বাহিনী।
পরে গতকাল দুপুরে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গন্ধমতি বড় কবরস্থানের পশ্চিম পাশের বাড়িটি ঘিরে ফেলেন। ৩তলা বাড়িটির মালিকের নাম দেলোয়ার হোসেন। পেশায় তিনি পিকআপ চালক।তার ভাই সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল (বুধবার) বিকেলে ওই বাড়িতে ভাড়া থাকা ১২-১৪ জন ছাত্রের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়। তবে কাপড় ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নেয়া একটি ফ্ল্যাটে ২ জন রয়েছে—এমন সন্দেহে সেখানে তালা দিয়ে দেয়া হয়।
জঙ্গি আস্তানার খবর পেয়ে গতকাল পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, র্যা ব-১১-এর অধিনায়ক কামরুল ইসলাম, র্যা ব-১১-এর সিপিসি টু-এর অধিনায়ক মেজর মোস্তফা কায়সারসহ বিপুল সংখ্যক র্যা ব পুলিশ সদস্য সেখানে যান।
রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।
ঘটনাস্থলে চলাচলে ওপর বিধিনিষেধ আরোপ করে সেখান থেকে সাংবাদিক ও সাধারণ মানুষকে সরিয়ে দেয়া হয়েছে। আশপাশের বাড়ি থেকেও লোকজনকে বের হতে নিষেধ করা হয়েছে।