কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় ২ দিন ধরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ শুরু করেছে সোয়াত। অভিযান শুরুর পর থেকেই ঘটনাস্থল থেকে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাচ্ছে। এ অভিযানেও ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিটি নির্বাচনের কারণে অভিযান গত দুই দিন শুরু করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। নির্বাচন শেষ হলে শুক্রবার সকাল ১১টার দিকে ‘অপারেশন স্ট্রাইক আউট’ শুরু করে সোয়াত। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
অভিযান শুরু হলে কিছুক্ষণ পর পর বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। বাড়ির পাশে রয়েছে বোমা নিস্ক্রিয়কারি দল। পুরো এলাকা ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও র্যা ব। জঙ্গি আস্তানার ভেতরে এক জঙ্গি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ।
এ অভিযানে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সোয়াত টিমের ২৪ সদস্য কুমিল্লা আসেন। এ অভিযানে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেন, সেখানে কোনো জঙ্গি নেই তবে প্রচুর বিস্ফোরক রয়েছে।
শুক্রবার সকাল থেকে ওই এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার এলাকা পর্যন্ত জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাংবাদিকদেরও নিরাপদ দুরত্বে থাকতে বলা হয়েছে।