পহেলা বৈশাখকে সামনে রেখে অবাধে ইলিশ মাছ ধরছেন ভোলার জেলেরা। সরকারি নিষেধাজ্ঞা, ধরা পড়লে জেল-জরিমানার তোয়াক্কা না করেই ইলিশ মাছ ধরছেন তারা।
মাছের আড়ত, হাট-বাজারে প্রকাশ্যেই চলছে বেচা-কেনা। এদিকে ইলিশ ধরা বন্ধ করতে অতিরিক্ত টহল ও অভিযান চলছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এবারো মার্চ-এপ্রিল দু'মাস ভোলার মেঘনার ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়ার একশো কিলোমিটার এলাকায় সব ধরণের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
প্রথমদিকে জেলেরা তা কিছুটা মেনে চললেও, বাংলা বর্ষবরণ উপলক্ষে বেপরোয়াভাবে মাছ ধরতে শুরু করেছেন তারা। ইলিশের চাদিহা আর দাম বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই চলছে অবাধে ইলিশ ধরা।
তবে জেলেরা বলছেন, প্রতিশ্রুত সহায়তা না পেয়ে নিষেধাজ্ঞার মধ্যেই ইলিশ ধরতে বাধ্য হচ্ছেন তারা।
এদিকে, জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে তা আরো জোরদার করার কথা বলেন ভোলা সদর সিনিয়র উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।