একইস্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে শনিবার পটুয়াখালী শহরের কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল থেকে এসব এলাকায় বিএনপির কোন গ্রুপের নেতাকর্মীদের দেখা যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শহরের শেরে বাংলা পাঠাগার, শেরে বাংলা সড়ক, জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন ও সার্কিট হাউজের আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রেখেছে পুলিশ।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিনিধি সভা করার জন্য শেরে বাংলা পাঠাগারে আবেদন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএ রব মিয়া। আরেক পক্ষ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান নান্নুও আবেদন করেন একই ভেন্যুর জন্য।
এছাড়াও ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকেও বটতলায় আলাদা সমাবেশের ডাক দেয়া হয়। এ পরিস্থিতিতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।